মিথ্যা
কেউ মিথ্যা কথা বললে আমি চট করে ধরে ফেলতে পারি। কারো কারো চোখের দিকে তাঁকাতে হয়, আবার কারো কথা শুনেই বোঝা যায় তার এই কথাটা মিথ্যা।
এটা কোন ঐশী ক্ষমতা না। আমার আশাপাশে যারা থাকে তারা অনবরত মিথ্যা কথা বলে, ভুল ইনফরমেশন ছড়ায় - এদের কথা শুনে শুনে আমি শিখে গেছি কোনটা সত্যি কথা আর কোনটা মিথ্যা কথা।
ছোটবেলায় আমাদের বইয়ে লেখা ছিল, মিথ্যা সকল পাপের মূল। কিন্তু মিথ্যা কথা বলা বন্ধ হতে দেখিনি। মানুষ পাপ করতে ভয় পায় না। তার ভয় পাপ কাজ করে ধরা পড়াতে। ধরা না পড়া পর্যন্ত সে বড় বড় বুলি ছাড়ে, ধার্মিক হয়।
রাজনৈতিক নেতারা মিথ্যা কথা বলেন, এটা তাদের পেশার অংশ। যারা সরাসরি রুঢ় সত্য বলতে ভয় পান, তারা মিথ্যাটাকে মাখন লাগিয়ে পরিবেশন করেন। জনগণের কাছে অপ্রিয় হবার থেকে মিথ্যা বলাটা শ্রেয়।
সম্মানের ভয়ে কেউ কেউ মিথ্যা কথা বলেন। ভালো না থাকলেও হাসিমুখে বলেন "ভালো আছি" । এটাকে পিয়ার প্রেশার বলা যায়। অভিনেতা অভিনেত্রীরা মিথ্যা বলেন, সত্য লুকান। বিয়ে করলেও বলেন করিনি, প্রেম করলেও বলেন, আমরা শুধু বন্ধু।
প্রেমিক-প্রেমিকা একে অপরের সাথে সারাজীবন থাকার মিথ্যা প্রতিশ্রতি দেয়। স্বামী তার স্ত্রীকে - সেরা বলে পরিচয় করিয়ে দেন বন্ধু মহলে। আদতে ঘরে অশান্তির হবার ভয়ে তিনি সত্য চেপে যান। স্ত্রী - স্বামীকে আদর্শ বলে প্রচার করেন, আসলে সে অত্যাচারী। একসময় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।
যারা ধার নেয়, তারা মিথ্যা বলে। মাত্র এক সপ্তাহের জন্য ধার নিয়ে মাসের পর মাস আর খবর থাকে না। কেউ আছেন ধার কখনোই শোধ করেন না।
সত্য সর্বদাই অপ্রিয়, কঠিন, রুঢ়, খরুচে, হৃদয় বিদারক। সত্য জানতে হলে সময় এবং অর্থ খরচ করতে হয়। প্রেমের গল্প বা ফিকশন লেখা তাই অনেক সোজা। অপরদিকে যুক্তিনির্ভর বই বা ইতিহাস লেখা অনেক কঠিন। সে জন্য লম্বা সময়ের গবেষণা দরকার। বিজ্ঞানের এই সত্য জানার চেষ্টা থাকে বলেই, বিজ্ঞান চর্চা খরুচে বিষয় এবং সময় সাপেক্ষ।
বাঙ্গালীরা এই সময় অপচয় করতে নারাজ, তাই এদের মধ্যে ক্রিটিক্যাল থিংকার বা বিজ্ঞান মনস্ক লোক খুঁজে পাওয়া ভার। এরা যতটা না সময় ধর্মের বুলি শুনতে ব্যয় করে, তার অর্ধেক সময়ও যদি বিদ্যা শিক্ষায় দিত তবে আজকে আমাদের সমাজ আর সভ্যতা অন্যরকম হতে পারত।
আমি যদি বলি মিথ্যার উপর ভর করেই মানব সমাজের বেশিরভাগ কাজ কর্ম পরিচালিত হয়, তবে ভুল বলা হয় না। মানুষই বোধহয় একমাত্র প্রাণী যারা অপ্রয়োজনে মিথ্যা কথা বলতে পারে।
ঢাকা
সেপ্টেম্বর ৪, ২০২৬